জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দুপুরে উপজেলার বড় তাঁরা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন রাজশাহীর চারঘাট উপজেলার টাংগন গ্রামের আজিজুল হক সালামের ছেলে জসিম উদ্দিন (৩৬) এবং রাজশাহী মহানগরের কাটাখালির সাজিপাড়া গ্রামের জিবরাইলের ছেলে আব্দুল মতিন (৩৪)।
পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে গাঁজা বহন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা বড় তাঁরা ইউনিয়ন পরিষদের সামনে সন্দেহজনকভাবে মোটরসাইকেলসহ তাদের আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের কাছ থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার করে।
ওসি আসাদুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


















