জাকির হোসেন,যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় গ্রাম পুলিশদের (চৌকিদার ও দফাদার) নিয়ে বিশেষ ব্রিফিং ও সাপ্তাহিক রোলকল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৭ অক্টোবর ২০২৬) শার্শা থানা প্রাঙ্গণে আয়োজিত এই রোলকলে বিভিন্ন ইউনিয়নের দায়িত্বে নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ শামিনুল হক।
ব্রিফিংকালে গ্রাম পুলিশদের বাংলাদেশ পুলিশের “চোখ ও কান” হিসেবে আখ্যায়িত করে ওসি মোঃ শামিনুল হক বলেন, “থানার পুলিশ কর্মকর্তারা সার্বক্ষণিক প্রত্যন্ত এলাকায় ঘুরে দেখতে পারেন না, কিন্তু আপনারা সরাসরি গ্রামের মানুষের সাথে বসবাস করেন। গ্রামের কোথায় কী ঘটছে, কোনো অপরাধের পরিকল্পনা হচ্ছে কি না বা নতুন কোনো সন্দেহভাজন ব্যক্তি ঘোরাঘুরি করছে কি না—তার প্রথম খবর আপনারাই পান।”

বক্তব্যে শার্শা সীমান্ত এলাকা হওয়ায় মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন ওসি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো মাদক ব্যবসায়ী বা চোরাকারবারির সাথে গ্রাম পুলিশের কারও কোনো যোগসাজশ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে এলাকায় চুরি, ডাকাতি, পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধ বা যেকোনো অপপ্রচারের তথ্য তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিট কর্মকর্তা ও ওসিকে জানানোর নির্দেশ দেন তিনি।
এছাড়া নিজ নিজ এলাকায় রাতের বেলা পাহারা জোরদার করা, পুলিশের নাইট টহল টিমকে সার্বিক সহযোগিতা করা এবং কোনো ধরনের রাজনৈতিক বা ব্যক্তিগত সুবিধা না নিয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য গ্রাম পুলিশদের প্রতি আহ্বান জানানো হয়।

উপস্থিত গ্রাম পুলিশ সদস্যরা ওসির এসব নির্দেশনা অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেন এবং নিজ নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে শতভাগ নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ব্রিফিং শেষে এলাকার সার্বিক নিরাপত্তার স্বার্থে যেকোনো প্রয়োজনে সরাসরি ওসির সাথে যোগাযোগের পরামর্শ প্রদান করা হয়।

















