কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের কাহারোল উপজেলার ০৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে শুক্রবার (৯ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত রাত্রিকালীন ব্যাডমিন্টন খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন দিনাজপুর–০১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মতিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে রেখে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। একটি সুন্দর ও নৈতিক সমাজ গঠনে নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি যুবকদের খেলাধুলার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলার সম্মানিত সভাপতি ও জামায়াত মনোনীত কাহারোল উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জাকিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে-ইসলামী কাহারোল উপজেলা শাখার সম্মানিত আমির মোঃ তরিকুল ইসলাম,উপজেলা সেক্রেটারি আব্দুর রাজ্জাক, যুব বিভাগের উপজেলা সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম বুলবুল,যুব বিভাগের উপজেলা সেক্রেটারি মো সোলাইমানসহ স্থানীয় ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি স্থানীয় ক্রীড়াপ্রেমী যুবকদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। শেষে অতিথিবৃন্দ খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন এবং টুর্নামেন্টের সফলতা কামনা করেন।


















