জামিরুল ইসলাম,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার স্টেশন মসজিদ এলাকায় তরমুজ কেনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের দুই নেতা গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন—১ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ বিপ্লব হোসেন, যিনি সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। অপরদিকে কুসুম্বা ইউনিয়ন ছাত্রদলের সদস্য এইচ এম জামিরুল ইসলাম লাঠির আঘাতে ও চোখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্র নেতা এইচ এম জামিরুল ইসলাম স্টেশন মসজিদ এলাকায় তরমুজ কিনতে গেলে দোকানদারকে বলেন, তরমুজ লাল হলে তিনি নেবেন, অন্যথায় নেবেন না। পরে তরমুজ ওজন করে কাটার পর তা সাদা দেখা গেলে তিনি সেটি পরিবর্তন করার অনুরোধ জানান। কিন্তু দোকানদার পরিবর্তনে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
ঘটনার খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাঁচবিবি পৌর ছাত্রদলের আহ্বায়ক আর আই রকি, সহ-সভাপতি (বেসরকারি বিশ্ববিদ্যালয়) এবং পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম নয়ন। তারা অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা


















