এইচ এম জামিরুল ইসলাম,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহী। যদিও প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো সুযোগ পাননি, তবু হৃদয়ে লালিত টানেই সময়-অসময়ে গান গেয়ে চলেছেন জয়পুরহাটের মেয়ে কনিকা দেবনাথ।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই তরুণীর গাওয়া একাধিক গানের ভিডিও, যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকেন। এর মধ্যে রয়েছে ভারতীয় শিল্পী শ্রেয়া ঘোষাল, লতা মঙ্গেশকর এবং বাংলাদেশের কিংবদন্তি কনকচাঁপা ও সাবিনা ইয়াসমিনের গান।
নেটিজেনরা তার গায়কীতে মুগ্ধ!
কনিকা দেবনাথ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী।
কনিকা মনে করেন, পড়াশোনার পাশাপাশি নিজের শখ পূরণে সাংস্কৃতিক চর্চা প্রয়োজন। তাই মন ও হৃদয়ের প্রশান্তির জন্যই মূলত তিনি গান করেন।
তার ভাষায়, আমাদের মতো মধ্যবিত্তের অর্জনগুলো সময়ের আবর্তে হারিয়ে যায়।
আজকের ভাবনা কালকের নতুনদের কাছে সেকেলে হয়ে যায়। কিন্তু যৌবনের গান, কবিতার পঙক্তি চিরসবুজ ও চিরকাল অমর।
কনিকা বলেন, আমি যখন বৃদ্ধ হবো, তখন আমার গাওয়া গানগুলো স্মৃতিচারণে সুখকর হয়ে উঠবে। ছোটবেলা থেকে যে গানগুলো শুনে বড় হয়েছি, যেগুলো কালের সীমানা পেরিয়ে আজও নতুনের মতো মনে হয়, সেগুলো নিজের কণ্ঠে গেয়ে দেখতে চাই।


















