কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ মোঃ মনোয়ার হোসাইন
জয়পুরহাটের কালাইয়ে কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়ে সততার আলো ছড়িয়ে দিতে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। বুধবার ১৬ (সেপ্টেম্বর) সকালে স্কুল প্রাঙ্গণে সততা স্টোর উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল হাসান, কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম।
জেলা প্রশাসনের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত এবং শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে সততা স্টোর পরিচালিত হবে। দোকানে শিক্ষার্থীদের প্রয়োজনীয় খাতা, কলম, পেন্সিল বক্সসহ শিক্ষা সামগ্রী এবং খাবার সামগ্রী থাকবে। ক্রেতা শিক্ষার্থীরা মূল্য তালিকা দেখে পণ্য নিজ হাতে ক্রয় করে পাশে রক্ষিত ক্যাশ বাক্সে মূল্য রেখে যাবে। যদি চাহিদা মাফিক পণ্য পাওয়া না যায় তবে তা প্রিঅর্ডার রেজিস্টারে লিখে অর্ডার দেয়া যাবে।
শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানতে চাইলে নবম শ্রেণির শিক্ষার্থী হাবিবা ও সোনিয়া বলেন, এমন দোকানের মাধ্যমে নিজেদের সততা প্রকাশের সুযোগ পেয়ে খুশি শিক্ষার্থীরা। সততা স্টোর আমাদের একদিকে যেমন প্রয়োজন মেটাবে অন্যদিকে আমাদের সততা চর্চা করতে শেখাবে, যা একটি উন্নত দেশ ও জাতি গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।
শিশু-কিশোরদের মধ্যে নৈতিক চর্চা বৃদ্ধি ও সততাকে মানুষের মন থেকে শ্রদ্ধা করে জীবন গঠনে উৎসাহিত করার জন্যই কালাই উপজেলা প্রশাসন বিদ্যালয়ে এ ধরণের সততা স্টোর এর উদ্যোগ নিয়েছে।


















