বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ৮নং ভোগনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের এলাইগা গ্রামে এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ বৈঠকটি এলাকায় ব্যাপক সাড়া ফেলে।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক ছাত্রনেতা মোঃ মতিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে নৈতিক ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রয়োজন। জনগণের ভোটের মাধ্যমে আল্লাহভীরু ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত হলেই একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব।”
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। জনগণের অধিকার আদায়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবক, মুরব্বি ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উপস্থিত জনগণ তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন এবং জনাব মতিউর রহমান তা সমাধানে আন্তরিক আশ্বাস প্রদান করেন।


















