মোঃ সোহাগ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে অটোরিকশায় করে যাওয়ার সময় এক তরুণীকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে সুজন নামে এক অটোচালকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত অটোচালককে আটক করেছে পুলিশ। পরে ওই তরুণীকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই তরুণীকে অটোরিকশায় তোলেন সুজন। পরে তাঁকে জগন্নাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সেগুনবাগান এলাকায় নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযুক্ত অটোচালককে আটক করে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রাতে অটোরিকশায় করে নির্জন স্থানে নিয়ে তরুণীকে ধর্ষণের ঘটনা প্রাথমিকভাবে অটোচালক সুজন স্বীকার করেছেন। এ বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
















