বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ষান্মাসিক রুকন (সদস্য) সম্মেলন ও শিক্ষাশিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার শালবন কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ সম্মেলন ও শিক্ষাশিবিরের আয়োজন করা হয়। এতে বীরগঞ্জ, কাহারোল ও খানসামাসহ বিভিন্ন উপজেলার পুরুষ ও নারী রুকনরা অংশ নেন।
দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মো. আবু তাহের মাসুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মো. মমতাজ উদ্দিন, একই অঞ্চলের টিম সদস্য ফকিহ মাওলানা মো. আব্দুল হাকিম এবং মো. আনোয়ারুল ইসলাম।
সম্মেলন ও শিক্ষাশিবিরে সংগঠনের সদস্যদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, নৈতিক ও চারিত্রিক উন্নয়ন, ইসলামী জ্ঞানচর্চা এবং দায়িত্ব পালনে নিষ্ঠাবান হওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
দিনব্যাপী এ আয়োজনে জেলা ও উপজেলা পর্যায়ের রুকনদের অংশগ্রহণে সাংগঠনিক সম্মেলন ও শিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
















