বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বীরগঞ্জ উল্লাস মোড় থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বিশাল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ১০ হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি দেখা যায়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক ও দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী মোঃ মতিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মতিউর রহমান বলেন, নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমের চেতনায় গড়ে ওঠা ছাত্রসমাজই জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও চরিত্র গঠনের মাধ্যমে একটি সৎ, দুর্নীতিমুক্ত ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। তরুণ প্রজন্মকে বিভ্রান্তি ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে জ্ঞান, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
র্যালি ও সমাবেশটিতে শুভেচ্ছা বক্তব্য ও সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দিনাজপুর জেলা সেক্রেটারি মো সুমন ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট ভুট্টু, দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা অফিস সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম খোকন, ছাত্রশিবির দিনাজপুর জেলা সভাপতি মোঃ রাসেল রানা।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও কাহারোল উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী জাকিরুল ইসলাম,শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলার সম্মানিত সহসভাপতি ও জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র পদ প্রার্থী রাশেদুন নবী বাবু, বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমান, সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি হামিদুর রহমান, মিডিয়া ও প্রচার বিভাগের সভাপতি আমিনুল ইসলাম, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি গোলাম নুর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেনসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বীরগঞ্জ উপজেলা ছাত্রশিবির সভাপতি মোঃ নুর শাহীনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তারা সংগঠনের আদর্শ, শিক্ষা কার্যক্রম ও সমাজসেবামূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।


















