কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি:
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের কাহারোল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ৩নং মুকুন্দপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার রামপুর বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়। মুকুন্দপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ মঞ্জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ মতিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মতিউর রহমান বলেন, দেশ আজ নৈতিকতা ও সুশাসনের অভাবে গভীর সংকটে নিমজ্জিত। ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব। তিনি আরও বলেন, দুর্নীতি, লুটপাট ও বৈষম্যের রাজনীতির অবসান ঘটাতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে হবে।
জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়াও বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ তরিকুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী জেমিয়ন রায়, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ আঃ রাজ্জাকসহ যুব বিভাগ ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।


















