সামিয়া সুলতানা সাবনম,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতরের আনন্দে যখন মানুষ ছুটছেন নিজ নিজ বাড়িতে, তখনও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর ৫১ জন আনসার সদস্য দায়িত্বের প্রয়োজনে ক্যাম্পাসেই অবস্থান করছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্যাম্পাসে নিয়োজিত ৬৪ জন আনসার সদস্যের মধ্যে ৫১ জন আনসার সদস্যই এবার ঈদের ছুটিতে বাড়িতে যেতে পারেননি। তারা সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসের নিরাপত্তা বজায় রাখতে দায়িত্ব পালন করছেন।
ঈদের ছুটিতে শিক্ষার্থীশূন্য ক্যাম্পাস অনেকটাই নিস্তব্ধ হয়ে পড়লেও নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের শিথিলতা রাখা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফাঁকা সড়ক, জনমানবহীন হল ও বন্ধ একাডেমিক ভবনের মাঝেও নিয়মিত টহল এবং নিরাপত্তা তৎপরতা অব্যাহত রেখেছেন আনসার সদস্যরা।
আনসার কমান্ডার মো. সুজানুর রহমান সুজন বলেন, “ঈদে পরিবারের সঙ্গে সময় কাটানোর ইচ্ছা থাকলেও দায়িত্বের কারণে এখানে থাকতে হচ্ছে। আমাদের দায়িত্ব পালন করার কারণেই অন্যরা স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারছে।”
আরেক আনসার সদস্য মো. বকুল হোসেন বলেন, “ঈদের দিনগুলোতে পরিবারের কথা বেশি মনে পড়ে। ফোনে সবার সঙ্গে কথা বললেও কাছে থাকতে না পারার কষ্টটা থেকেই যায়। তবে দায়িত্বের কথা ভেবে নিজেকে সামলে নিই।”
নিরাপত্তাকর্মী মো. রুবেল হোসেন বলেন, “পরিবার থেকে দূরে থাকাটা কষ্টের। তবুও দেশের সেবায় নিয়োজিত থাকতে পারাটা গর্বের বিষয়। আমাদের কাছে দায়িত্বটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঈদকালীন সময়ে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের পাশাপাশি অন্যান্য নিরাপত্তা কর্মীরাও সক্রিয় রয়েছেন।
ঈদের আনন্দঘন মুহূর্তেও দায়িত্বে অবিচল থাকা আনসার সদস্য এবং নিরাপত্তা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।


















