এইচ এম জমিরুল ইসলম, জয়পুরহাট প্রতিনিধি:
আসন্ন পুরানাপৈল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের জয়পুরহাট সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম।
মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।
রবিউল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। সাধারণ মানুষের প্রত্যাশা ও দাবি-দাওয়া পূরণে তিনি কাজ করতে চান। ইতোমধ্যে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে দাবি করেন।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে পুরানাপৈল ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার জন্য কাজ করবেন।
এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে পুরানাপৈল এলাকায় রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে মাঠে নেমে গণসংযোগ শুরু করেছেন।


















