নিজস্ব প্রতিবেদক,জয়পুরহাটঃ
কুসুম্বা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ব্যতিক্রমী প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় এসেছেন মেম্বার পদপ্রার্থী এইচ এম জামিরুল ইসলাম। তিনি ঘোষণা দিয়েছেন, নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের কোনো অর্থ ব্যক্তিগত প্রয়োজনে ব্যয় করবেন না এবং সরকার নির্ধারিত মাসিক ভাতাও গ্রহণ করবেন না।
সম্প্রতি স্থানীয় জনগণের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, “আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। ইউনিয়ন পরিষদের প্রতিটি টাকা জনগণের অধিকার, তাই তা ব্যক্তিগতভাবে ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না।”
তিনি আরও জানান, নির্বাচিত হলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে তার মূল লক্ষ্য।
স্থানীয় ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের ভালোবাসা ও সমর্থন পেলে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।” এ সময় তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
এদিকে, তার এমন ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছেন অনেক স্থানীয় বাসিন্দা। তারা বলছেন, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করলে এলাকাবাসী উপকৃত হবে।


















