মোঃ বেলাল হোসেন,বাকেরগঞ্জ(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা সভাপতি নাসির উদ্দিন রোকন ডাকুয়ার ছেলে তাফসির ডাকুয়া (১৮) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাফসির মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ফায়ার সার্ভিস মোড় এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রেরণ করা হয়।
ছেলের সুস্থতার জন্য নাসির উদ্দিন রোকন ডাকুয়া আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


















