মোঃআলি উল্লাহ,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে এক মানবিক বিপ্লবের সূচনা করেছেন। এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ সরাসরি আর্থিক সহায়তা পাচ্ছেন, যা তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনছে।
শনিবার (১৬ মে) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কাওয়াখোলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তিনটি গ্রামের ৬৫৪ জন সুবিধাভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
মন্ত্রী টুকু বলেন,“দেশনায়ক তারেক রহমান যা বলেন, তা বাস্তবায়নও করেন। এই ফ্যামিলি কার্ড নিয়ে একসময় বিরোধীদল নানা সমালোচনা করেছিল। কিন্তু আজ বাস্তবতা হলো, এই কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষ নিয়মিত আড়াই হাজার টাকা করে সহায়তা পাচ্ছেন। এটি শুধু অর্থ সহায়তা নয়, বরং মানুষের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার প্রতীক।”
তিনি আরও বলেন,“বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে হবে। সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়ন ও মানবিক রাষ্ট্র গঠনে এগিয়ে আসতে হবে।”
এদিকে, কার্ডপ্রাপ্তদের মাঝে স্বস্তি ও আনন্দের অনুভূতি দেখা যায়। সুবিধাভোগী চায়না খাতুন বলেন,“সংসার চালাতে খুব কষ্ট হয়। এই ফ্যামিলি কার্ড পেয়ে আমি অনেক খুশি। প্রতি মাসে যে টাকা পাব, তা দিয়ে চাল-ডাল কিনব। আমাদের মতো গরিব মানুষের জন্য এটি অনেক বড় সহায়তা।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মো. আমিনুল ইসলাম, ভিপি মো. আয়নুল হক এবং আমিরুল ইসলাম খান আলিম। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেন অতিথিরা। পুরো অনুষ্ঠানজুড়ে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।


















