সাতক্ষীরা জেলা প্রতিনিধি জি এম রাজু আহমেদ
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের নতুন বাজার এলাকায় সরকারি রাস্তার জায়গা দখল করে অবৈধভাবে দোকানের অংশ সম্প্রসারণ করে ইটের অবকাঠামো নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ অনুযায়ী, মৃত জব্বার মোড়লের ছেলে আনারুল ইসলাম মোড়ল এবং তার ছেলে মিঠু নতুন বাজার কাশি বাড়ি এলাকায় দোকানের সীমানা বাড়িয়ে রাস্তার উপর ইট দিয়ে নির্মাণকাজ চালাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা জানান, এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা উত্তেজিত হয়ে দুর্ব্যবহার করেন, যার ফলে এলাকাবাসী প্রতিবাদ জানাতেও ভয় পাচ্ছেন।
স্থানীয়রা আরও জানান, সরকারি রাস্তার উপর এভাবে অবকাঠামো নির্মাণের ফলে যেকোনো মুহূর্তে সড়ক দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি ফুটপাত সংকুচিত হয়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলেও দেখা দিয়েছে চরম দুর্ভোগ। উল্লেখযোগ্য বিষয় হলো, এই এলাকা থেকে সামান্য দূরত্বে একটি মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত, যেখানে যাতায়াতকারী শিক্ষার্থীরাও এই বেআইনি নির্মাণকাজের কারণে চলাচলে সমস্যায় পড়ছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে অবৈধ স্থাপনা অপসারণ ও রাস্তা জনসাধারণের চলাচলের উপযোগী করে তোলার ব্যবস্থা নিক।


















