ইসমাইল ইসলাম শাকিল,স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশে হামের পরিস্থিতি আগামী এক সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শুক্রবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
RTV ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, মন্ত্রী বলেন বর্তমানে হামের প্রকোপ কিছুটা কমেছে এবং আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু হলে পরিস্থিতি আরও উন্নতি হবে।
তিনি আরও বলেন, দেশে কোনো টিকার ঘাটতি নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে। আগামী জুন পর্যন্ত টিকা কার্যক্রম স্বাভাবিকভাবে চালানো যাবে বলেও জানান তিনি।
তবে .০৫ সিরিঞ্জের কিছু ঘাটতি থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, এটি পূরণে ইতোমধ্যে কাজ চলছে এবং আগামী দেড় মাসের মধ্যে সমস্যার সমাধান হবে।
মন্ত্রী জানান, ইউনিসেফ, গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় টিকা কার্যক্রম দ্রুত সম্প্রসারণ করা হচ্ছে এবং আগামী ২০ এপ্রিল থেকে বৃহৎ পরিসরে কার্যক্রম শুরু হবে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন হাসপাতালে হামের চিকিৎসা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং জনবল সংকট দ্রুত সমাধান করা হবে।


















