স্টাফ রিপোর্টার,মিরর বাংলা নিউজ :
নরসিংদীতে এক কিশোরীকে ধর্ষণ এবং পরে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন,
নরসিংদীর মহিষাশুরা ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান স্থানীয় রাজনৈতিক প্রশ্রয় নিয়ে এই নৃশংস হত্যাকাণ্ড ঢেকে রাখার চেষ্টা করেছেন। তিনি জোর দাবি জানিয়েছেন, মূল অভিযুক্ত নূরাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, প্রায় ১৫ দিন আগে স্থানীয় নূরার নেতৃত্বে একটি দুষ্কৃতিকারী দল ওই কিশোরীকে কর্মস্থল থেকে তুলে নিয়ে ধর্ষণ করে।
ভুক্তভোগীর বাবা বিচার চাইলেও স্থানীয় মেম্বারের কাছে চাপ ও আপোসের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। দ্বিতীয়বার অপহরণের পর ওই কিশোরীর মরদেহ একটি সরিষা ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় ইতোমধ্যে মহিষাশুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান ও তার ছেলেসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হাসনাত আবদুল্লাহ গ্রেপ্তারকে যথেষ্ট মনে করেননি এবং জানিয়েছেন, মূল হোতা নূরাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি প্রশ্ন ছুঁড়ে দেন, রাজনৈতিক নেতাদের প্রশ্রয়ে এই ধরনের জঘন্য অপরাধ কখন থামবে। সাধারণ মানুষও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত অপরাধীদের ফাঁসির দাবি করছেন।


















