ইসমাইল ইসলাম শাকিল,স্টাফ রিপোর্টারঃ
হজযাত্রীদের যথাযথ সেবা নিশ্চিত করতে না পারলে সংশ্লিষ্টদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
শুক্রবার সকালে রাজধানীর আশকোনায় হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
RTV ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ধর্মমন্ত্রী বলেন—আমরা হজযাত্রীদের খাদেম। তাদের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সঠিকভাবে সেবা দিতে ব্যর্থ হলে পদে থাকার কোনো যৌক্তিকতা নেই।
এসময় তিনি হজক্যাম্পের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং হজ ফ্লাইট উদ্বোধনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।
তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের থাকা-খাওয়া, যাত্রা প্রস্তুতি ও অন্যান্য সুবিধা সম্পর্কে খোঁজ নেন। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের সেবার মান উন্নত করার নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, হজযাত্রীরা যেন নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্নভাবে পবিত্র হজ পালন করতে পারেন, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
হজক্যাম্পে মশা ও ছারপোকার উপদ্রব নিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।















