বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম বলেছেন, বীরগঞ্জের স্বাস্থ্যসেবায় মানুষের আস্থা ফিরিয়ে আনতে এখনই কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নিতে হবে। তিনি দীর্ঘদিন ধরে অকেজো পড়ে থাকা এক্স-রে ও ডেন্টাল ইউনিটসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম দ্রুত চালু করার নির্দেশ দেন। পাশাপাশি মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা, হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ভর্তি রোগীদের জন্য পুষ্টিকর ও মানসম্মত খাবারের ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
বুধবার (৪ মার্চ) বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনের সময় তিনি বহির্বিভাগ ও অন্তঃবিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান ও প্রয়োজনীয়তা সম্পর্কে সরাসরি খোঁজখবর নেন।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সরকারি স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে আন্তরিকতা, জবাবদিহিতা ও নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


















