কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের কাহারোল উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের মুটুনি বাজার এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদ প্রার্থী মোঃ মতিউর রহমান।
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঈশানপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ জনসভায় রামচন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ তমিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মোঃ মতিউর রহমান বলেন, নির্বাচিত হলে কাহারোল ও বীরগঞ্জ উপজেলায় দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং বেকারত্ব নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, এমপি হিসেবে দায়িত্ব পেলে কাহারোল উপজেলাকে পৌরসভায় উন্নীত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। পাশাপাশি তিনি সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানসহ সকল শ্রেণি-পেশার মানুষের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
মোঃ মতিউর রহমান বলেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করে পরিকল্পিত ও টেকসই উন্নয়ন বাস্তবায়ন করাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন কাহারোল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আঃ রাজ্জাক এবং বীরগঞ্জ উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক জেমিয়ন রায়।
অনুষ্ঠানে যুব সমাজ, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। জনসভাটি পরিচালনা করেন উপজেলা সাবেক ছাত্র শিবির সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন।


















