জি এম রাজু আহমেদ, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানের মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরার শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদের সহধর্মিণী ছিলেন।
মাহফিলের আয়োজন করেন আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ এবং মরহুমার জ্যেষ্ঠ পুত্র, বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদুল আলম দোহা।
অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
উল্লেখ্য, মরহুমা মমতাজ ওয়াহেদ ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। তিনি পেশায় একজন শিক্ষিকা ছিলেন এবং শ্যামনগর একা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতেন নিয়মিতভাবে।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শ্যামনগরে নেমে আসে শোকের ছায়া। দল-মত নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে তার জানাজা সম্পন্ন হয়।
সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়।


















