স্টাফ রিপোর্টার, বীরগঞ্জ (দিনাজপুর):
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের মাছবোয়ল এলাকায় অবস্থিত ফয়জুল উলুম তাহফিজুল কুরআন নূরানী মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসার একযুগ পূর্তি উপলক্ষে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


















