ঈসমাইল হোসেন, শাকিল,মিরর বাংলা নিউজ:
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ১০ হাজার নতুন সদস্য নিয়োগের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে গত বৃহস্পতিবার এই বিশাল নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।
এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী প্রার্থীরা আগামী ৫ মার্চ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে ৩১ মার্চ পর্যন্ত। দেশের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তরুণ-তরুণীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।
শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ৫ ফুট ৪ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীদের ওজন ও বুকের মাপ উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এছাড়া চোখের দৃষ্টিশক্তি অবশ্যই ৬/৬ হতে হবে, যা স্বাস্থ্য পরীক্ষায় যাচাই করা হবে।
নিযুক্ত প্রার্থীদের কয়েকটি ধাপে শারীরিক মাপ ও সক্ষমতা যাচাইয়ের পর লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পুলিশ সদর দপ্তর জানায়, সম্পূর্ণ নিয়োগ কার্যক্রম মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরিচালিত হবে।
কোনো ধরনের অবৈধ আর্থিক লেনদেন বা দালালের খপ্পরে পড়ে প্রতারিত না হওয়ার জন্য প্রার্থীদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
সরকারি এই বড় কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ে সঠিক তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।















