ইসমাইল হোসেন শাকিল,স্টাফ রিপোর্টার:
দিনাজপুরের বোচাগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে চার লাখ টাকা ও দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার চিহ্নিত আসামি মো. আব্দুল বারেককে গ্রেফতার করা হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার আখাপুর গ্রামে অভিযান চালিয়ে বোচাগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলার প্রধান আসামি হিসেবে খুঁজে বেড়াচ্ছিলেন বারেককে। গোপন সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ থানার এসআই মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশ দল তার নিজ বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার হেফাজত থেকে নগদ ৪ লাখ টাকা উদ্ধার করা হয়।
তল্লাশিকালে বারেকের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি হাসুয়া, সাতটি লোহার রড, একটি লোহার হাতলসহ রড, তালা কাটার লোহার কাঁচি ও এর অংশবিশেষ, একটি ফ্রেমযুক্ত হ্যাকসো ব্লেড, একটি কালো রঙের ফুল প্যান্ট এবং একটি মানকি টুপি জব্দ করা হয়েছে।
গ্রেফতারের পর বৃহস্পতিবার বুসকালে তাকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আব্দুল বারেকের বিরুদ্ধে নতুন করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও নয়টি মামলা বিচারাধীন রয়েছে। তিনি আরও জানান, এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


















