আমিনুল ইসলাম,সিনিয়র স্টাফ রিপোর্টার,মিরর বাংলা নিউজ
দিনাজপুরের কাহারোল উপজেলার ১০ মাইল বাজার এলাকায় সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করা হয় এবং ১২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার ব্যস্ততম ১০ মাইল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, ড্রাইভিং লাইসেন্স না থাকা, যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়া এবং সড়ক পরিবহন আইন লঙ্ঘনের বিভিন্ন অপরাধে চালকদের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়। অভিযানে মোট ১১টি মামলায় ১২ হাজার ১০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, দুর্ঘটনা হ্রাস করা এবং জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
তিনি মোটরসাইকেল চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা এবং অবশ্যই হেলমেট ব্যবহার করে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।
প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সচেতন নাগরিকরা সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।


















