মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর ৪২ বিজিবির বিশেষ অভিযানে জেলার বিরল এবং ঠাকুরগাঁও জেলার হরিপুর ও পীরগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা হতে বিপুলপরিমাণ মাদকদ্রব্য ও বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৬) রাতে দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়ন ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর জেলার বিরলের এনায়েতপুর, ফকিরগঞ্জ এবং বাশালগাঁও এলাকা এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ও হরিপুর উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় চোরাচালানা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ২৪ বোতল, ১৫০পিস ইয়াবা ট্যাবলেট, ৯১ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বিক্রয় নিষিদ্ধ ৩৩৪ বোতল সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও বিক্রয় নিষিদ্ধ সিরাপের সর্বমোট সিজার মূল্য ১,৯৯,৪০০/- (এক লক্ষ নিরানব্বই হাজার চারশত) টাকা।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও বিক্রয় নিষিদ্ধ সিরাপ এর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ৪২ বিজিবি ইটালিয়ানের অধিনায়ক জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

















