বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘পাচারকারী চক্র’ সংক্রান্ত একটি সংবাদের সঙ্গে নিজের ছবি যুক্ত করে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা মোঃ ফজলার রহমান।
মঙ্গলবার (৫ মে) বীরগঞ্জ মডেল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি দাবি করেন, একটি উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর প্রচারণার মাধ্যমে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত রবিবার (৩ মে ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যমে “আদম পাচার, ১৭ লাখ ২৫ হাজার টাকার প্রতারণা” শিরোনামে একটি পোস্ট ছড়িয়ে পড়ে। ওই পোস্টে সংবাদ সম্মেলনকারীদের ছবি, অভিযুক্ত দুই ব্যক্তির ছবি এবং তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলের ছবি একসঙ্গে ব্যবহার করা হয়, যা পরে তার নজরে আসে।
ফজলার রহমান আরও বলেন, আলোচিত ঘটনায় দায়েরকৃত মামলা নং CR-207/2026 (তারিখ: ২৭/০৪/২০২৬)-এ তাকে ৩ নম্বর আসামি করা হয়েছে, যা তিনি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি জানান, ঘটনার দিন ২৪ এপ্রিল সকাল ৬টায় তিনি এক আত্মীয়ের সঙ্গে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন এবং নওগাঁ হয়ে রাত ৯টায় বীরগঞ্জে ফেরেন। ফলে অভিযোগের সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে দাবি করেন তিনি।
বাদী শাহনাজ পারভীনের সঙ্গে পূর্বপরিচয়ের কথা স্বীকার করলেও তার বিরুদ্ধে আনা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বলে উল্লেখ করেন ফজলার রহমান।
তিনি অভিযোগ করেন, ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।


















