মো. রেজাউল ইসলাম রিজু, দিনাজপুর জেলা প্রতিনিধি:
বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় দিনাজপুর শহরের চৌরঙ্গী মোড়সংলগ্ন টার্মিনাল রোড এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের বিভাগীয় নির্বাচন কমিশনার ছারোওয়ার হোসেন বাবু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা সভাপতি ফিরোজুল ইসলাম ফিরোজ, দিনাজপুর জেলা সভাপতি মিলন, সিনিয়র সভাপতি শাহ আলম রানা, সাধারণ সম্পাদক সন্দীপ বৈশ্য, কাহারোল উপজেলা সভাপতি ও দিনাজপুর জেলা কমিটির প্রধান সমন্বয়ক মো. আলমগীর হোসেন, বীরগঞ্জ উপজেলা সভাপতি মো. সেলিম রেজা,খানসামা উপজেলা সভাপতি মো.আলমগীর হোসেন, বোচাগঞ্জ উপজেলা সভাপতি আবু সায়েম এবং বিরল উপজেলা সভাপতি আজগর আলী।
এ ছাড়া বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় নির্বাচন কমিশনার ছারোওয়ার হোসেন বাবু বলেন, বিক্রয় প্রতিনিধিরা দেশের ব্যবসা-বাণিজ্য ও বিপণনব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা রক্ষা এবং পারস্পরিক ঐক্য জোরদারে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নিয়মিত আলোচনা ও মতবিনিময়ের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
দিনাজপুর জেলা সভাপতি মিলন তাঁর বক্তব্যে বলেন, বিক্রয় প্রতিনিধিদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সংগঠনের নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সদস্যদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
জেলা সাধারণ সম্পাদক সন্দীপ বৈশ্য বলেন, সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে প্রতিটি সদস্যের সক্রিয় অংশগ্রহণ জরুরি। তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম বিস্তৃত করার পাশাপাশি সদস্যদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
কাহারোল উপজেলা সভাপতি ও দিনাজপুর জেলা কমিটির প্রধান সমন্বয়ক মো.আলমগীর হোসেন বলেন, উপজেলা পর্যায়ে বিক্রয় প্রতিনিধিদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
বীরগঞ্জ উপজেলা সভাপতি মো. সেলিম রেজা তাঁর বক্তব্যে বলেন, বিক্রয় প্রতিনিধিদের পেশাগত সমস্যা ও অধিকার নিয়ে সংগঠনের নেতৃবৃন্দকে একসঙ্গে কাজ করতে হবে। সদস্যদের সুখ-দুঃখে পাশে থাকা এবং সংগঠনের প্রতি আস্থা ও বিশ্বাস বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, সদস্যদের মধ্যে ঐক্য বৃদ্ধি এবং বিক্রয় প্রতিনিধিদের পেশাগত স্বার্থ সংরক্ষণে বিভিন্ন মতামত তুলে ধরেন।আলোচনা সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক উন্নয়ন এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।




















