জি এম রাজু আহমেদ,সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে জেলে বাওয়ালী শেখ মোঃ আহসান উল্লাহর মাছ ধরার সরঞ্জাম রাখার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে চন্ডিপুর (পাতাখালী) এলাকায় কপোতাক্ষ নদীর তীরে ওয়াপদা পাড়সংলগ্ন তাঁর গোডাউনে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও গোডাউন ঘরসহ সেখানে রাখা ছয়টি বেন্দিজাল, ড্রাম, কাঁচি, কাগজ, পলিথিনসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়।
ভুক্তভোগীর দাবি, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পূর্বশত্রুতা বা ব্যবসায়িক ঈর্ষার জেরে পরিকল্পিতভাবে গোডাউনে আগুন লাগিয়ে থাকতে পারে। এ ঘটনায় তিনি শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করেছেন।
শেখ মোঃ আহসান উল্লাহ ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনা করে উপজেলা প্রশাসন ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা কামনা করেছেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
















