দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় দিনাজপুরের কাহারোল উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’। সোমবার সকালে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলার বিভিন্ন ইপিআই (EPI) কেন্দ্রে একযোগে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগামী ১০ মে ২০২৬ পর্যন্ত এই কর্মসূচি নিরবচ্ছিন্নভাবে চলবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ মোকলেদা খাতুন (মীম)। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান।
উদ্বোধনকালে বক্তারা বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বর্তমান সরকারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। উপজেলার প্রতিটি শিশুকে এই টিকার আওতায় আনতে স্বাস্থ্য বিভাগ বদ্ধপরিকর।
ক্যাম্পেইনের প্রথম দিনেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ইপিআই কেন্দ্রগুলোতে সেবাগ্রহীতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে তাদের সন্তানদের নিয়ে কেন্দ্রে হাজির হন। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানানো হয়েছে, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী (৪ বছর ১১ মাস ২৯ দিন) সকল শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় টিকা প্রদান করা হবে।
টিকাদান কার্যক্রম পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মামুন অর রশীদ, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মো. আল আমিন, ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক তুলেন্দ্র নাথ রায় এবং স্বাস্থ্য সহকারী আব্দুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে সকল অভিভাবকদের নির্ধারিত সময়সীমার মধ্যে তাদের শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে টিকা নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।


















