তারিকুল ইসলাম তাজ,কারমাইকেল ক্যাম্পাস(রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের কারমাইকেল কলেজে গেট নির্মাণ ও ঘোষিত ৩৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (৫ মে) কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন ধরে কলেজ গেট নির্মাণসহ বিভিন্ন সমসাময়িক দাবি বাস্তবায়নের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি কারমাইকেল কলেজ ছাত্রশিবিরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রায় ছয় মাস আগে গেট নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হলেও কলেজ প্রশাসনের অসহযোগিতার কারণে কাজের অগ্রগতি ব্যাহত হচ্ছে। ফলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে বিলম্ব হচ্ছে।
এছাড়া কলেজের অবকাঠামোগত উন্নয়নসহ পূর্বে ঘোষিত ৩৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান তারা। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—গেট নির্মাণ কাজ দ্রুত শুরু করা, অনতিবিলম্বে কাকসু নির্বাচন আয়োজন, আবাসন সংকট নিরসন, শতাব্দী মঞ্চ নির্মাণ এবং শতভাগ শিক্ষার্থীকে আইডি কার্ড প্রদান নিশ্চিত করা।
শিক্ষার্থীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে, দাবি আদায়ে কলেজ প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।


















