আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর)প্রতিনিধিঃ
তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে তিনটি জেলা থেকে নিখোঁজ তিন ভিকটিমকে উদ্ধার করেছে কাহারোল থানা পুলিশ। উদ্ধারকৃতদের সুস্থ অবস্থায় তাদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
কাহারোল থানা সূত্রে জানা যায়, গত ২০ জুন ২০২৬ তারিখে তথ্যপ্রযুক্তির সহায়তায় সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা, নাটোর সদর থানা এবং দিনাজপুরের বীরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
কাহারোল থানার নিখোঁজ জিডি নং-৯৪৩, তারিখ ২০/০৬/২০২৬-এর ভিত্তিতে ভিকটিম পুষ্পি রানী রায়কে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানা এলাকা থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে তার পিতার জিম্মায় হস্তান্তর করা হয়।
এছাড়া, নিখোঁজ জিডি নং-৭৮৭, তারিখ ১৭/০৬/২০২৬-এর ভিত্তিতে ভিকটিম মোছা. ফাহিমা খাতুনকে নাটোর সদর থানা এলাকা থেকে উদ্ধার করা হয়। উদ্ধার শেষে তাকে তার পিতার জিম্মায় প্রদান করা হয়।
অপরদিকে, নিখোঁজ জিডি নং-৭১২, তারিখ ১৫/০৬/২০২৬-এর ভিত্তিতে ভিকটিম মোছা. সুমি খাতুনকে দিনাজপুরের বীরগঞ্জ থানা এলাকা থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে সুস্থ অবস্থায় তার পিতার জিম্মায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিমুর রহমান সেলিম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “নিখোঁজ ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও উদ্ধারে কাহারোল থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”


















