গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতাখেলা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের মমতাদির সুখী উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ডাবরা ডিনেশ্বরী যুব সমাজের উদ্যোগে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় সভাপতিত্ব করেন ১১নং মরিচা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ আবু তাহের মিয়া (আইয়ুব)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বীরগঞ্জ উপজেলা যুবদলের অন্যতম সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং উপজেলা ইটভাটা মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আক্কাস আলী।
এ সময় মহিলা ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঐতিহ্যবাহী এ খেলা দেখতে মাঠে শত শত দর্শকের সমাগম ঘটে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা চোখ, হাত ও পা বাঁধা অবস্থায় পাতাখেলায় অংশ নিয়ে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন। ব্যতিক্রমী এ আয়োজন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে তরুণদের একটি অংশ বিভিন্ন ধরনের মাদকের দিকে ঝুঁকে পড়ছে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ পাতাখেলা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
তারা আরও বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন অপসংস্কৃতি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ভবিষ্যতেও এ ধরনের ঐতিহ্যবাহী ও সামাজিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।


















