বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বীরগঞ্জ উপজেলা শাখার ১১নং মরিচা ইউনিয়নের উদ্যোগে সংগঠনের ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সাংগঠনিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে শুক্রবার (৩১ জুলাই) রাতে মরিচা ইউনিয়নে এক সামষ্টিক ভোজ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে দারসুল কুরআন পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি ক্বারী মো. নাজিবুর রহমান নাজিব।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ১১নং মরিচা ইউনিয়ন শাখার সভাপতি মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়ন শাখার সেক্রেটারি এনামুল হকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বীরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মো. আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার অফিস সেক্রেটারি মাওলানা মো. নাজমুল ইসলাম এবং ১১নং মরিচা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. জহির উদ্দিন।
বক্তারা বলেন, ইসলামী শ্রমনীতির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নৈতিকতা ও আদর্শিক চেতনার বিকাশ এবং সাংগঠনিক ঐক্য সুসংহত করতে পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারের কোনো বিকল্প নেই। তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও জনমুখী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। পরে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ উপস্থিত নেতাকর্মী ও সদস্যরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সামষ্টিক ভোজে অংশগ্রহণ করেন।


















