আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের কাহারোল উপজেলায় মাদকদ্রব্য বহনের দায়ে সুমন (২৬) নামে এক যুবককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে কাহারোল থানা পুলিশের এসআই সৈকত পাটোয়ারীর নেতৃত্বে একটি টহল দল উপজেলার একটি সেতু এলাকায় নিয়মিত টহল পরিচালনার সময় সুমনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। পরে তাকে তল্লাশি করলে তার পকেট থেকে গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবকের কাছ থেকে অল্প পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। তিনি আদালতে নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক বলেন, “মাদকের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”
দণ্ডপ্রাপ্ত সুমনের বাড়ি উপজেলার ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াদাদ গ্রামে। তার পিতার নাম জয় কৃষ্ট (জয়কৃষ্ণ)।

















