এইচ এম জামিরুল ইসলাম,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে বাংলাদেশের পতাকা উড়াতে এবার বিশ্বমঞ্চে পা রাখতে যাচ্ছে আক্কেলপুরের মেধাবী কন্যা সাদিয়া আফরিন রতি (১৬)। চীনের তিয়ানজিনে অনুষ্ঠিতব্য বিশ্বখ্যাত 10th World Junior Wushu Championships 2026-এ অংশগ্রহণের মাধ্যমে তিনি তুলে ধরবেন বাংলাদেশের সামর্থ্য ও সম্ভাবনা।
সাদিয়া, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কৃতি সন্তান এবং মোঃ রতন মন্ডলের মেয়ে। সে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এ অধ্যয়নরত রয়েছে। ছোটবেলা থেকেই তার কঠোর পরিশ্রম, আত্মনিবেদন ও দৃঢ় মনোবল আজ তাকে বিশ্বমঞ্চে তুলে এনেছে। তার এই অর্জনে শুধু পরিবার নয়, পুরো আক্কেলপুরবাসী আজ গর্বিত।
উল্লেখ্য, সাদিয়া আফরিন রতি পূর্বেও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন এবং একাধিক স্বর্ণ মেডেল অর্জন করেছেন।
এটি শুধু একটি ব্যক্তিগত সাফল্য নয়—এটি আমাদের এলাকার, আমাদের জেলার, এবং পুরো বাংলাদেশের জন্য সম্মানের বিষয়। আমরা বিশ্বাস করি, রতি তার সর্বোচ্চ দিয়ে দেশের জন্য গৌরব বয়ে আনবে।


















