জি এম ম রাজু আহমেদ, সাতক্ষীরা জেলা প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা-৪ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি হাসপাতালের সার্বিক সেবাব্যবস্থা ঘুরে দেখেন এবং চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।
হাসপাতালে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জিয়াউর রহমান ফুল দিয়ে তাকে স্বাগত জানান। পরে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে তিনি চিকিৎসাসেবার মান, রোগীদের সুবিধা-অসুবিধা এবং অবকাঠামোগত বিষয়গুলো সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে হাসপাতালের ড্রেন ও আশপাশের সড়ক অপরিষ্কার দেখতে পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করলে উপস্থিত নেতাকর্মীরাও এতে যোগ দেন। এ সময় শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সম্মিলিতভাবে হাসপাতাল চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
পরবর্তীতে এমপি গাজী নজরুল ইসলাম শ্যামনগর থানায় গিয়ে অফিসার ইনচার্জের সঙ্গে মতবিনিময় করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে তিনি শ্যামনগর থানা মাদ্রাসা পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অংশগ্রহণে বিশেষ মোনাজাতে শরিক হন।
এদিকে কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে শ্যামনগর উপজেলা জামায়াতের স্বেচ্ছাসেবীরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালান। স্থানীয়রা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, জনসম্পৃক্ত এমন কার্যক্রম এলাকায় সচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।


















