জাকির হোসেন, যশোর জেলা প্রতিনিধি:
যশোরের সীমান্ত এলাকায় জ্বালানি তেলের অবৈধ পাচার রোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৪৯ ব্যাটালিয়ন। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান সাইফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে।
সোমবার বিকেলে বেনাপোল কোম্পানি সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতার প্রেক্ষাপটে সীমান্ত দিয়ে তেল পাচারের ঝুঁকি বেড়ে গেছে। এ পরিস্থিতিতে বিজিবি সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এবং নিয়মিত বিশেষ টহল পরিচালনা করছে।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি অবৈধ মজুত ও পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অভিযানের অংশ হিসেবে সীমান্ত এলাকায় অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং সন্দেহভাজন স্থানে বিশেষ তল্লাশি চালানো হচ্ছে। নদীপথে পাচার প্রতিরোধে স্পিডবোটের মাধ্যমে টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে। এছাড়া স্থানীয় জনগণের সহযোগিতায় তথ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে।
ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান সাইফ বলেন, “দেশের জাতীয় স্বার্থ রক্ষায় বিজিবি সর্বদা সজাগ রয়েছে। কোনোভাবেই জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি হতে দেওয়া হবে না। সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে।”
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলমান এই বিশেষ অভিযানে ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গেছে এবং জনস্বার্থে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


















