মোঃ বেলাল হোসেন,বাকেরগঞ্জ(বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নে অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) দিবাগত রাতে ইউনিয়নের ডাক্তার বাড়ি এলাকা থেকে তাদের আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে পাদ্রিশিবপুর ইউনিয়নের ডাক্তার বাড়ি এলাকায় ওই তিন ব্যক্তির চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের গতিরোধ করে। তল্লাশিকালে তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে বিষয়টি বাকেরগঞ্জ থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায়।
বাকেরগঞ্জ থানা সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদকসহ হাতেনাতে ধরা পড়ায় তাদেরকে মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) মাধ্যমে যথাযথ শাস্তির আওতায় আনা হবে।
এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলেও থানা সূত্রে জানানো হয়েছে।


















