জাকির হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি:
যশোরে সীমান্ত পথে ভারতে পাচারের সময় পাঁচটি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোরে যশোর সদর উপজেলার দরগাহ ফিলিং স্টেশন সংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি আব্দুর রউফ (৪২)। তিনি শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ-এর যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহল দল দরগাহ ফিলিং স্টেশন এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন রউফকে থামিয়ে তল্লাশি চালানো হলে তার প্যান্টের পকেট থেকে বিশেষ কাগজে মোড়ানো অবস্থায় ৫৮২ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য নির্ধারণের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিকে যশোর কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে স্বর্ণসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবির টহল ও নজরদারি জোরদার রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


















