সামিয়া সুলতানা সাবনম,ত্রিশাল,ময়মনসিংহ,(ক্যাম্পাস) প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এ পবিত্র মাহে রমজান উপলক্ষে কেন্দ্রীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ নিশ্চিত করা, শিক্ষার্থীদের বহুমুখী জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি এবং জ্ঞান চর্চার ব্যবস্থা করবেন বলে জানান।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ফজরের পর থেকেই ইফতারের প্রস্তুতি শুরু হয়। দুপুরের পর বিভাগভিত্তিক সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতারে ছিল বিভিন্ন ধরনের ফল, স্ন্যাকস ও জুস। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত রাতের খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ, বিভাগীয় প্রাঙ্গণ এবং শিক্ষকদের সঙ্গে একত্রে বসে ইফতার করেন শিক্ষার্থীরা। এতে এক ধরনের আন্তরিকতা ও পারস্পরিক সম্প্রীতির পরিবেশ তৈরি হয়। শিক্ষার্থীরা প্রশাসনের এ উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা জানান।
উল্লেখ্য, এক সপ্তাহ আগে কেন্দ্রীয় ইফতার মাহফিলের ঘোষণা দেওয়া হয়। শৃঙ্খলা বজায় রাখা ও অপচয় রোধে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য নামমাত্র ২০ টাকা নিবন্ধন ফি নির্ধারণ করা হয়। এছাড়া ২৫ ফেব্রুয়ারির জন্য বাস শিডিউলে সাময়িক পরিবর্তন আনা হয়, যাতে ময়মনসিংহ ও ভালুকা থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা নির্বিঘ্নে অংশ নিতে পারেন।


















