ইসমাইল হোসেন শাকিল, স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় একটি বেসরকারি ক্লিনিকে সিজার (অস্ত্রোপচার) করাতে গিয়ে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার খানসামা রোডের একটি ক্লিনিকে এ ঘটনা ঘটে।
নিহত প্রসূতির নাম সমেজা খাতুন (২৫)।
তিনি কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সরঞ্জা গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে প্রসূতি সমেজা খাতুনকে বীরগঞ্জ ক্লিনিকে ভর্তি করা হয়।
পরে বিকেল সাড়ে ৫টার দিকে তাকে সিজার অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশনের একপর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের দাবি, ক্লিনিকের ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা গেছে, অপারেশনে দায়িত্বে ছিলেন ডা. বকুল এবং অ্যানেসথেশিয়া প্রদান করেন শরিফুল ইসলাম।
ঘটনার পর ক্লিনিকের মালিক বেলাল হোসেনসহ সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও স্টাফরা ক্লিনিক বন্ধ করে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে ক্লিনিকটিতে তালা ঝুলতে দেখা গেছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


















