স্টাফ রিপোর্টার, বীরগঞ্জ প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকাল ৯টায় বীরগঞ্জ উপজেলা জামায়াত অফিসে এ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের দিনাজপুর জেলা শাখার তারবিয়াত সেক্রেটারি মাওলানা মোঃ রবিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা মোঃ সহিদুল ইসলাম খোকন এবং বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি ও জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী মোঃ রাশেদুন নবী বাবু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির মোঃ ক্বারী আজিজুর রহমান। সভাটি পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মোঃ মনজুরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ বাঙালি জাতির স্বাধীনতার সূচনা হয়, যা দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়। তারা জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বক্তারা আরও বলেন, স্বাধীনতার প্রকৃত চেতনা বাস্তবায়নের জন্য সমাজে ন্যায়বিচার, সাম্য ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা অপরিহার্য। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তারা।


















