কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত “কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে” জাঁকজমকপূর্ণ, বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব, লটারি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়েছে। ২০ জানুয়ারি মঙ্গলবার সমাপনী দিনে শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক ও লটারির পুরস্কার আনন্দভরে গ্রহণ করে।
বিদ্যালয় সংলগ্ন আদালতপাড়াস্থ বালির মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিকতার সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসাহ মূলক বক্তব্য রাখেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কাপাসিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির। উদ্বোধক হিসাবে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন ঘোষণা করেন কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, প্রধান মেহমান ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী অভিভাবক ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আকরাম হোসেন রিপন।
এর আগে প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ও কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আজগর হোসেন খান ও বিশিষ্ট সার ব্যবসায়ী কার্ত্তিক চন্দ্র গুহ। প্রথম দিনে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, প্রধান আলোচক ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন গাজীপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ সরকার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মোঃ সোহরাওয়ার্দী, পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠাতা পরিচালক মনিরা ভূঁইয়া সম্পা, সার্বিক পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক লাকী আক্তার, সার্বিক সহযোগিতায় ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ এস এম শাহাদুল্লাহ রহমান শুভ্র সহ প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক হাবিবুল হাসান শাকিল ও জান্নাতুল ফেরদৌস নদী।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করে। উদ্বোধনী পর্বে উপস্থিত অতিথিদের সাথে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং জাতীয় পতাকা ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুনিয়াত জাহান পূর্ণতা আবেগময় কন্ঠে মহান আল্লাহ তায়ালার ৯৯ নাম পাঠ করে সকলের প্রশংসা অর্জন করেছে।


















