সামিয়া সুলতানা সাবনম, নজরুল বিশ্ববিদ্যালয় ত্রিশাল (ময়মনসিংহ)প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি হাফিজিয়া মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে নবোদ্যম ফাউন্ডেশন।
মানবিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে রবিবার(১ মার্চ) আয়োজিত এ কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও অগ্নিবীণা হলের প্রভোস্ট হারুনুর রশিদ। তিনি বলেন, রমজানের শিক্ষা হলো সংযম, সহমর্মিতা ও মানবিকতা। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোই এ মাসের প্রকৃত তাৎপর্য।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের প্রভাষক মাহিদুল ইসলাম মাহিম। তিনি আয়োজকদের এ উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা তৈরি করে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করবেন।


















