ইসমাইল হোসেন শাকিল,স্টাফ রিপোর্টার, মিরর বাংলা নিউজঃ
দিনাজপুরের বীরগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) উপজেলার ১০ নং মোহনপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে অনুষ্ঠিত এ মাহফিলে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির কারী আজিজুর রহমান। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ মাওলানা আব্দুল কাদের মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং মোহনপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আসাদুজ্জামান নূর, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান, ৯ নং ওয়ার্ড সেক্রেটারি আসাদুজ্জামান মুকুল এবং ১০ নং মোহনপুর ইউনিয়ন আইটি সদস্য ইসমাইল ইসলাম শাকিলসহ জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য ও রোজার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। একই সঙ্গে সমাজে ন্যায়, সত্য ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া কবরবাসী মুসলমানদের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
রমজানের পবিত্র পরিবেশে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।


















