দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের ঘটনায় পুলিশের পীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আব্দুল হাই সরকার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অন্যদিকে, এ ঘটনায় নিজের ও স্ত্রীর গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে বিচার দাবি করেছেন প্রদীপ দেবনাথ। জমির মালিকানা, চলাচলের রাস্তা ও বাউন্ডারি নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ বিরোধের সৃষ্টি হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের প্রসাদপাড়া এলাকায় আব্দুল হাই সরকারের জমি রয়েছে। তাঁর অভিযোগ, ওই জমির ওপর দিয়ে স্থানীয় মানুষের চলাচলের সুবিধার্থে ছয় ফুট প্রশস্ত রাস্তা করে দিয়েছেন তিনি।
এমনকি প্রদীপ দেবনাথকে তাঁর জমিতে বাড়ি নির্মাণ করে বসবাসের সুযোগও দেওয়া হয়েছে বলে দাবি করেন আব্দুল হাই সরকার।
অভিযোগে বলা হয়, জমির দক্ষিণ পাশে থাকা লিচুবাগানের বাউন্ডারি নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়।
গত ১০ অক্টোবর সকালে বাউন্ডারি নির্মাণের কাজ শুরু হলে প্রদীপ দেবনাথ তাঁর জমিতে প্রবেশ করে রাজমিস্ত্রিদের কাজে বাধা দেন এবং মারমুখী আচরণ করেন বলে অভিযোগ করেন আব্দুল হাই সরকার।
এ ছাড়া তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন তিনি।
এ বিষয়ে মোহাম্মদ আব্দুল হাই সরকার বলেন,আমি নিজের জমির ওপর দিয়ে ছয় ফুট রাস্তা করে দিয়েছি, যাতে এলাকার মানুষ চলাচল করতে পারেন। আমার জমিতে বাড়ি করে বসবাস করার সুযোগ দিয়েছি। এমনকি তাঁর বাবার কবর দেওয়ার জন্যও আমার জমিতে জায়গা দিয়েছি। গ্রামের মানুষের জন্য নিজের বাগানের ফল নিজে না খেয়ে তাঁদের বাড়িতে পৌঁছে দিই।
অথচ আজ সেই আমাকেই সাংবাদিকের কাছে খারাপ হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
তিনি আরও বলেন, যাঁরা অন্যের জমিতে গিয়ে হাঙ্গামা করেছেন, তাঁদের কর্মকাণ্ডকে সঠিক বলে বিবেচনা করা হচ্ছে। আমার প্রিয় সাংবাদিকদের কাছে অনুরোধ, সত্য-মিথ্যা যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন। কিছু মানুষ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন না, তবে বেশিরভাগ সাংবাদিকই দায়িত্বশীলতার সঙ্গে সত্য তুলে ধরেন।
বিচার দাবি প্রদীপ দেবনাথেরঅন্যদিকে, প্রদীপ দেবনাথ বলেন,আমার গায়ে ও আমার স্ত্রীর গায়ে হাত দেওয়া হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।
তিনি অভিযোগ করেন, বিরোধের একপর্যায়ে তাঁকে ও তাঁর স্ত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার দাবি করেন তিনি।
একই এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, আব্দুল হাই সরকার নিজের জমিতে প্রতিবেশীদের চলাচলের সুবিধার কথা বিবেচনা করে ছয় ফুট প্রশস্ত একটি রাস্তা রেখেছেন, যাতে সাধারণ মানুষের পাশাপাশি জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সও যাতায়াত করতে পারে। আমার মনে হয়, প্রদীপ দেবনাথ অন্যের কথায় প্রভাবিত হয়ে এ নিয়ে দৌড়াদৌড়ি করছেন। অন্যের কথায় প্রভাবিত হয়ে এমন পদক্ষেপ নেওয়া তাঁর জন্য বিপদের কারণ হতে পারে।
এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন,আব্দুল হাই থানায় অভিযোগ দিয়েছেন। আমরা সেটি গ্রহণ করেছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জমি ও চলাচলের রাস্তা নিয়ে সৃষ্ট এ বিরোধের বিষয়ে উভয় পক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।















