টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর মাত্র মাসখানেক সময় বাকি। আইসিসির এই মেগা টুর্নামেন্টে বাংলাদেশের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভের মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার মাধ্যমে শুরু। নিরাপত্তা সংকটের কথা জানিয়ে ভারতে গিয়ে বাংলাদেশ খেলবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। যা নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও প্রতিক্রিয়া জানায়নি ভারত সরকার।
বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ড নিজেদের অবস্থান স্পষ্ট করে এখন আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায়। বিপরীতে, বিষয়টি নিয়ে ভারত সরকার কিংবা উচ্চপদস্থ কেউ সরাসরি মুখ না খুললেও, তাদের ভাবনা জানিয়েছে সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’। ভারত মূলত বিশ্বকাপ খেলতে দেশটিতে যাওয়ার ভার বাংলাদেশের ওপর ছেড়ে দিয়েছে। তবে তারা সব অংশগ্রহণকারী দেশকেই উষ্ণ অভ্যর্থনা জানাতে প্রস্তুত।
সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া বলছে, দেশের (ভারত) কেন্দ্রীয় সরকার প্রতি মুহূর্তের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সঙ্গেও যোগাযোগ রাখছে নিয়মিত। তবে বাংলাদেশ সরকার নিজেদের চূড়ান্ত অবস্থান স্পষ্ট না করা পর্যন্ত ভারত কোনো প্রতিক্রিয়া দেখাবে না। বাংলাদেশ যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে চায় বা ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, সেটি পুরোপুরি তাদের নিজস্ব সিদ্ধান্ত।
















